⚖️ আইনের সংজ্ঞা
- Author: Siam Al Mahmud Administrator
- Published: 21 hours ago
- Category: আইনবিজ্ঞান (Jurisprudence)
-
আইনের কোনো সর্বজন স্বীকৃত সংজ্ঞা নাই। কেননা, এর পরিধি এবং ক্ষেত্রের ব্যপকতা লক্ষ্য করে কোনো নির্দিষ্ট সংজ্ঞা দ্বারা এর ক্ষেত্র সীমাবদ্ধ করা সম্ভব হয়নি। আইনের প্রয়োজনীয়তা ও কার্যকারিতা সম্পর্কে মোটামুটি সকলেই ঐক্যমত্য পোষণ করেন। সাধারণভাবে কোনো কার্যের বিধিকেই আইন বলা হয়। মানুষ সামাজিক জীব হিসেবে তার বাহ্যিক আচরণের বিধিমালাকে আইনবিজ্ঞানের ভাষায় আইন বলে।
প্রখ্যাত আইনবিজ্ঞানী জন অস্টিন (John Austin) সর্বপ্রথম আইনের ব্যাপক অর্থে ব্যবহার করে এর সংজ্ঞা দিয়েছেন। তাঁর মতে, "আইন বলতে এমন এক ধরণের আদেশকে বুঝায় বা রাষ্ট্রীয় সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক জারি করা হয় এবং বলপ্রয়োগ বা শাস্তি প্রদানের দ্বারা কার্যকরভাবে বলবৎ করার ব্যবস্থা করা হয়।" অর্থাৎ "সার্বভৌম কর্তৃপক্ষের আদেশই আইন।" (Law is the command of the sovereign.) সার্বভৌম শক্তির আদেশকেই অস্টিন প্রকৃত আইন বলে অভিহিত করেন এবং আইনের প্রায়োগিক শক্তির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অস্টিনের আদেশমূলক সংজ্ঞাটিকে নীতিগতভাবে গ্রহণ করে অধিকতর গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন আরস্কিন (Erskine)। তিনি বলেন, আইন হলো প্রজাদের জীবন যাপনের বিধি-সম্বলিত সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ, যা তারা পালন করতে বাধ্য। (Law is the command of the sovereign, containing a common rule of life for its subjects and obliging them to obedience.)
নিউজিল্যান্ড অধিবাসী প্রখ্যাত আইনবিশারদ Prof. Jhon Salmond আইনের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে, "আদলাতে স্বীকৃত ও অনুসৃত নিয়মাবলির সমষ্টি হচ্ছে আইন।" (The law consists of the rules recognised and acted upon by the courts of justice.) আবার তিনি বলেন যে, "বিচার প্রশাসন কার্যে যেসকল নীতিমালাসমূহ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত হয়ে থাকে, উহাই আইন।" (Law is the body of principles recognized and applied by the state in the administration of justice.)
Prof. Green এর সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে, "আইন হলো এক ধরণের অধিকার ও বাধ্যবাধকতা যা রাষ্ট্র বলবৎ করে।" (Law is the system of rights and obligations which the state enforces.)
আমেরিকার বিশিষ্ট আইনবিশারদ Gray-এর ভাষায়, "নাগরিকদের বৈধ অধিকার ও কর্তব্য নির্ধারণের জন্য আদালত যে সকল বিধিমালা মেনে চলেন, উহাই আইন।" (Law is composed of the rules which the courts lay down for the determination of legal right and duties.)
Prof. Holland-এর ভাষায়, "আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য প্রবর্তিত এমন কতকগুলি বিধিমালা- যা সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক বলবৎ করা হয়।" (Law is a general rule of external human action enforced by a sovereign political authority.)
উইলসন (Wilsom)-এর ভাষায়, "আইন হলো ঐ সকল বিধি-সম্বলিত নীতিমালা যা সুনির্দিষ্ট কর্তপক্ষ বা সরকার কর্তৃক বলবৎকৃত হয়।" (Law is that portion of the established thought and habit which has gained distinct and formal recognition in the shape of uniform rules backed by the authority and power of government.)
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখ্যাত জুরিস্প্রুডেন্সী Holmes বলেন, "আদালত প্রকৃতপক্ষে কি কি করবে সে সম্পর্কে ভবিষ্যদ্বাণী করাকেই বুঝি আইন।" (The prophecies of what the courts will do infact are what i mean by law.)
আইনবিশারদ Keeton-এর মতে, "আইন হলো এমন কতকগুলি আচরণ বিধি যা সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত এবং তাদের উদ্দেশ্য হলো ন্যায়ের প্রতিষ্ঠা করা।"
অতি সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এইচ, এল, হার্ট (Hart) 'The concept of law' বইতে আইনের প্রকৃতি বর্ণনা করতে গিয়ে একে বিধি ব্যবস্থা বিশেষ হিসেবে চিহ্নিত করেছেন।
সর্বোপরি, আমেরিকার প্রখ্যাত আইনবিজ্ঞানী Dean Rosco Pound আইন সর্ম্পর্কে ১২টি ধারণা প্রদান করেছেন- যার গুরুত্ব আইনবিষয়ক চিন্তাধারার ক্ষেত্রে এক নবতর অধ্যায়ের দ্বার উন্মোচন করেছে। যা-
(১) আইন ঐশ্বরিক বিধি-বিধান,
(২) আইন একটি সমাজের অনুসৃত প্রাচীন প্রথা,
(৩) আইন বস্তুনিষ্ঠ দার্শনিক তত্ত্ব,
(৪) আইন সনাতন ও শাশ্বত নৈতিক আচরণবিধি,
(৫) সংঘবদ্ধ রাজনৈতিক সমাজের চুক্তি বিধিই আইন,
(৬) আইন স্বর্গীয় প্রযুক্তির প্রতিফলন,
(৭) আইন সার্বভৌম আদেশ,
(৮) এটা মানুষের অভিজ্ঞতা হতে উদ্ভূত নিয়মাবলী,
(৯) আইনবিদগণের লিখিত মতামতই আইন,
(১০) আইন বিচার বিভাগীয় পূর্ব মীমাংসার নজীর,
(১১) আইন প্রভাবশালী শ্রেণীর আরোপিত বিধি-নিষেধ,
(১২) আইন জনসমষতির অর্থনৈতিক ও সামাজিক উদ্দ্যেশ্যে প্রণীত নিয়মাবলী।
বিভিন্ন আইনবিশারদ কর্তৃক প্রদত্ত সংজ্ঞাগুলি বিচার বিশ্লেষণ করলে একথা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, আইন এমনই একটি ধারণা যাকে কোন সংজ্ঞার মধ্যে সীমাবদ্ধ রাখা খুবই কঠিন। তাই, আজও আইনের একটি বিজ্ঞানসম্মত সংজ্ঞা প্রদান করা সম্ভবপর হয়নি।